চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে একটি জাহাজে হাউজকিপিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় জাহাজের একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। পরে শ্রমিকদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ট্যাংকের ভেতর থেকে প্রথমে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।পরে আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই আরও দুজনের মৃত্যু হয়। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায়। নিহত অপর শ্রমিকের পরিচয় এখনো জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদও ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর কথা জানান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহত আরও কয়েকজন শ্রমিকের চিকিৎসা চলছে।