সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার কারণও প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।এর আগে চলতি মাসের ৭ আগস্ট একই মহাসড়কের ওসমানীনগর এলাকায় দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হয়েছিলেন। এর কিছুদিনের মধ্যেই আবারও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।