পাবনার ঈশ্বরদীতে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখার ঘটনা ঘটেছে।মঙ্গলবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অবরুদ্ধ মিটার রিডারের নাম আইনুল হোসেন। তিনি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসে কর্মরত।

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় লোডশেডিং চলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিদ্যুতের বিল নিয়েও গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে।

মঙ্গলবার মিটারের রিডিং নিতে এলাকায় যান আইনুল হোসেন। ওই সময়ও বিদ্যুৎ ছিল না। তাঁকে দেখে ক্ষুব্ধ বাসিন্দারা লোডশেডিং ও বিলসংক্রান্ত নানা অভিযোগ তুলে ধরেন। একপর্যায়ে তাঁকে আটকে রেখে বিষয়টি পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

স্থানীয় ইউপি সদস্য রুপবান খাতুন জানান, ক্ষুব্ধ বাসিন্দারা মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখার পর ছেড়ে দেন।স্থানীয় বাসিন্দা আকমল প্রামাণিক বলেন, দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে এলাকার মানুষ ভোগান্তিতে রয়েছেন। বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিলসংক্রান্ত সমস্যাও তাঁদের ক্ষোভ বাড়িয়েছে।

মিটার রিডার আইনুল হোসেন বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তবে এটি শুধু একটি এলাকার সমস্যা নয়, জাতীয় পর্যায়ের সমস্যা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তিনি বিল লেখা বন্ধ রেখে চলে আসেন।এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসের ডিজিএম রথিন্দ্রনাথ বর্মনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।