কেন্দ্রীয় বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই আর নেই। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আব্দুল হাই। তার জ্যেষ্ঠ পুত্র ইফতেখারুল আলম রিপন বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মুন্সীগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আব্দুল হাই বিএনপির দুঃসময়ে দলকে সংগঠিত রাখতে সক্রিয় ছিলেন। পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি উপমন্ত্রী ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।