‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা বাড়াতে শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। পরে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা, নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ও মো. সাইদুর রহমান। এ ছাড়া ফায়ার সার্ভিসের কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে প্রস্তুতি জরুরি। সচেতনতা বৃদ্ধি ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো সম্ভব।




