সরিষার হলুদ ফুলে নতুন রূপ পেয়েছে সিরাজগঞ্জের বিস্তীর্ণ মাঠ। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন মানুষ, আর ফুল ফুটতেই মধু সংগ্রহের আশায় ব্যস্ত হয়ে উঠেছেন মৌচাষিরা।সিরাজগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সরিষা ফুলের হলুদ আভা। মাঠের পর মাঠজুড়ে ফুটতে শুরু করেছে সরিষার ফুল। ফুলের সৌন্দর্য আর মিষ্টি সুবাসে আকৃষ্ট হচ্ছেন স্থানীয় মানুষ। অন্যদিকে সরিষার ফুল ফোটার সঙ্গে সঙ্গে মধু সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন মৌচাষিরা।
দেশের অন্যতম সরিষা উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জে এবারও ব্যাপক পরিসরে সরিষার আবাদ হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠজুড়ে সরিষার সমারোহে তৈরি হয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। জেলার উল্লাপাড়া, শাহজাদপুর ও তাড়াশ উপজেলায় সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে। নয়টি উপজেলার মধ্যে উল্লাপাড়ায় সর্বোচ্চ ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে।
জেলায় বারি-১৪, বারি-১৭, বারি-১৮, বিনা-৪, বিনা-৯ ও টরি-৭ জাতের সরিষার আবাদ হয়েছে। সরিষার ফুল ফুটতে শুরু করায় মৌচাষিরাও মধু সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে দেশের ভোজ্যতেলের চাহিদার বড় একটি অংশ অভ্যন্তরীণ উৎপাদন থেকেই পূরণ করা সম্ভব বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, চলতি মৌসুমে উপজেলায় ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সরিষা থেকে মধু সংগ্রহের জন্য মৌচাষিরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মঞ্জুরে মওলা জানান, ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জেলায় সরিষার আবাদ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর জেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই কৃষকরা সরিষা আবাদে মাঠে নেমেছেন।
তিনি আরও জানান, চলতি মৌসুমে সিরাজগঞ্জের ১ লাখ ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনার আওতায় বিনা মূল্যে সরিষার বীজ ও সার দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলায় সরিষার ভালো ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।