ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) মাধুপাড়া বিওপির একটি টহল দল এ অভিযান চালায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ৪৫ মিনিটে ছয় সদস্যের একটি টহল দল ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গাছয়াপাড়া এলাকায় অভিযান চালায়। সীমান্তের ১১৬/৪-এস মেইন পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।