দেশের নৌযান খাতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে নৌযান শুমারি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারা দেশে এ শুমারি পরিচালিত হবে।নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সহযোগিতায় ‘নৌযান শুমারি ২০২৬’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ভবনে শুমারির তথ্য সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, নদী ও নৌপথ বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। তবে নৌপথের সম্ভাবনাকে এখনো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।

সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহনের চাপ কমাতে নৌপথের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। নৌপথকে পণ্য ও যাত্রী পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনের জন্য আরও কার্যকরভাবে ব্যবহার করা গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও জানান।নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযানের সংখ্যা, ধরন, ব্যবহার, মালিকানা এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের একটি নির্ভরযোগ্য চিত্র পাওয়া যাবে। এসব তথ্য ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিনির্ধারণ এবং নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে কাজে লাগানো হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার ওপর জোর দেন। কোনো অনিয়ম বা তথ্যের অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।