জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি একতা বাজারে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে চৌরাস্তা মোড়ে গোয়ালেরচর ইউনিয়নবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম শেখ।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, সাবেক ইউপি সদস্য শহিদুল্লাহ শেখ, রিয়াজুল ইসলাম, সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রায় ৬০ বছর আগে ওই স্থানেই ইউনিয়ন পরিষদ ভবন ছিল। সেখানে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখন শুধু নির্মাণকাজের উদ্বোধনের অপেক্ষা। কিন্তু একটি মহল উন্নয়নকাজ বাধাগ্রস্ত করে ভবনটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা এ ধরনের উদ্যোগের প্রতিবাদ জানিয়ে নির্ধারিত স্থানেই ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনের দাবি জানান।