বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার খবরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে আনন্দ-উচ্ছ্বাস। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও শহরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের পরিবেশ তৈরি হয়। একে অপরকে মিষ্টি খাইয়ে তারা আনন্দ ভাগ করে নেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, মির্জা ফখরুলের মনোনয়নে ঠাকুরগাঁওয়ের পাশাপাশি দেশের মানুষও আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ত্যাগ, সংগ্রাম ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতিতে ভূমিকা রাখার বিষয়টি উল্লেখ করেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীও মির্জা ফখরুলকে ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব হিসেবে উল্লেখ করেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনায় কাজে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুলের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, পরিবারের পাশাপাশি পুরো ঠাকুরগাঁওয়ের জন্য এটি আনন্দ ও গর্বের বিষয়। তিনি মির্জা ফখরুলের জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।দিনভর জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস অব্যাহত ছিল।