চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬২ নেতা-কর্মীসহ ২৪ ঘণ্টায় মোট ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন নেতা-কর্মী এবং মাদক সংক্রান্ত অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়।
শনিবার (৭ নভেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফরিদগঞ্জ থানায় ৬ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন এবং মতলব উত্তর থানায় ১২জনসহ মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন ও হাজীগঞ্জ থানায় ৪ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়।
এছাড়া মাদক বিরোধী অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫শ’ ৪০ গ্রাম গাঁজা ও ৫০পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা, শাহরাস্তি থানা পুলিশ ১শ’ ৫০ গ্রাম গাঁজা এবং ২৬ পিস ইয়াবা উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বাসস’কে জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। গ্রেফতার অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




