জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতির্ময় চৌধুরী। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
আলোচনায় কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা কন্যাশিশুর প্রতি বৈষম্য বন্ধ করে তাদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।