সার ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১২ অক্টোবর) বিকেলে আয়োজিত মানববন্ধন, মিছিল ও সমাবেশ থেকে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানানো হয়।
বিকেল ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার বলদিটারী মোড় থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে কলেজ মোড়ে পৌঁছালে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা দাবি করেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের অভিযোগ, বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের বঞ্চিত করে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমানকে দায়ী করেন তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক নির্যাতনের কথা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ভুলে যায়নি। অর্থের বিনিময়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের পুনর্বাসনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে নিয়োগ বাতিল করতে হবে।
সমাবেশে পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদ বক্তব্য দেন।




