সিরাজগঞ্জে পৃথক দুটি হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে এক নারী হত্যার দায়ে তার স্বামীসহ তিনজন এবং এক রিকশাচালক হত্যার দায়ে একজনকে এ দণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের বিভিন্ন অঙ্কের জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ জানান, নারী হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা পলাতক রয়েছেন। অন্যদিকে রিকশাচালক হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের কোরবান আলী মাস্টারের ছেলে এনামুল হক, নওয়াব আলীর ছেলে সাইফুল ইসলাম, শুকুর প্রামাণিকের ছেলে মিনহাজ ওরফে মেন্নই এবং সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের বারিক মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের আলম শেখ দুটি রিকশা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। টাকা-পয়সা নিয়ে একই এলাকার সাইফুল ইসলামের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ৮ অক্টোবর গরু জবাইয়ের ছুরি দিয়ে আলম শেখকে হত্যা করেন সাইফুল। এ ঘটনায় নিহতের বড় ভাই আজাহার আলী শেখ মামলা করেন। আদালত এ মামলায় সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
অন্যদিকে, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার বড়হাটি এলাকায় যমুনা নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শ্রী গোবিন্দ চন্দ্র চূর্ণকর বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
তদন্তে পুলিশ ওই নারী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের এনামুল হক, সাইফুল ইসলাম ও মিনহাজ ওরফে মেন্নইকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। নিহত নারী ছিলেন এনামুল হকের স্ত্রী। যৌতুক নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করে মরদেহ যমুনা নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
এ মামলায় এনামুল হককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।