পরিবারকে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করতে সোমবার (১২ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
‘ফ্যামিলি কার্ড কার্যক্রম: স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা সমাজসেবা কর্মকর্তা রোকানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিন এবং সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সুবিধা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া এবং পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হবে। এর মধ্য দিয়ে স্বাবলম্বী পরিবার গঠন এবং সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের পথে অগ্রসর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সমাজসেবা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জামালপুরে এ কার্যক্রমের তথ্য সংগ্রহে দায়িত্ব পালন করবেন ৯৫ জন সুপারভাইজার, ৯৪৩ জন তথ্য সংগ্রহকারী ও ৯৪ জন অতিরিক্ত তথ্য সংগ্রহকারী।