কিশোরগঞ্জে ডোপ টেস্টে মো. ওসমান গনি নামে জেলা পুলিশের এক সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করা হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম পরীক্ষার ফল পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষার রিপোর্ট পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। ওসমান গনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকের বিষয়ে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ নীতি পুলিশ সদস্যদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সন্দেহভাজন সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এর ধারাবাহিকতায় ওসমান গনির পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।