মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে এক তরুণীর ডান হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত তরুণীর নাম স্মৃতি আক্তার। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়ের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে এগিয়ে এলে স্মৃতির বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকেও কুপিয়ে জখম করা হয়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারী যুবকের নাম সায়ন। ঘটনার পরপরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ একাধিক দল নিয়ে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে হামলার প্রকৃত কারণও খতিয়ে দেখা হচ্ছে।