মা ইলিশ রক্ষা ও জেলেদের সচেতন করতে প্রচারণা চালানোর পাশাপাশি খাদ্যসহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরের পদ্মা-মেঘনা উপকূলীয় এলাকার জেলেদের সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজার, রনাগোয়াল, হরিসভা, দোকানঘর ও বহরিয়া এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা চালান সংগঠনের সদস্যরা। এ সময় জেলেদের মা ইলিশ শিকার থেকে বিরত থাকার পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করার আহ্বান জানানো হয়।
একই কর্মসূচির অংশ হিসেবে এসব এলাকার দুই শতাধিক জেলের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা জেলেদের ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থেকে মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।
‘ক্লিন চাঁদপুর’-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, সরকারের নির্ধারিত সময় পর্যন্ত জেলেদের ইলিশ শিকার না করার জন্য অনুরোধ করা হয়েছে। ইলিশ জাতীয় সম্পদ, তাই এ সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব।
তিনি বলেন, সরকার ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে জেলেদের খাদ্যসহায়তা দিচ্ছে। এরপরও জেলেদের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে, যা তাঁদের কিছুটা হলেও কাজে আসবে।
সংগঠনটি চাঁদপুর শহর পরিচ্ছন্ন রাখতে ‘বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ বিতরণ’ কর্মসূচিসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়া সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়ক সংস্কার এবং বিভিন্ন দুর্যোগে সরকারের পাশাপাশি সংগঠনের সদস্যরা কাজ করছেন।




