উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়জুড়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর বের হওয়া আনন্দ র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা নেচে-গেয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক মাঠে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. তাজুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিফাত রুমানা এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফেরদৌস রহমান।
দিনের দ্বিতীয় ভাগে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।