ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুভ (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
তবে ঘটনাস্থলের আলামত যাচাই করে পুলিশ জানিয়েছে, এটি ককটেল বিস্ফোরণ নয়, পটকা বা আতশবাজি প্রকৃতির বিস্ফোরণ।
বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক শুভ কুঠিপাড়ার ইজাহার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে ১৪ থেকে ১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা সড়কের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শুভকে আটক করে।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে কুঠিপাড়া এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে চলে যান। এ সময় ঘটনাস্থলে থাকা শুভকে আটক করে পুলিশ। তিনি ঘটনায় জড়িত অন্যদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলের আলামত যাচাই করে দেখা গেছে, এটি ককটেল বিস্ফোরণ নয়। পটকা বা আতশবাজি প্রকৃতির বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে।




