কুমিল্লার তিতাসে প্রবাস ফেরৎ মো. ইউসুফ ভূঁইয়া হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে উপজেলার একলারামপুর গ্রামে নিহতের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহত ইউসুফ ভূঁইয়ার ছেলে ও হত্যা মামলার বাদী শ্রাবণ আহমেদ, নিহতের স্ত্রী সেনোয়ারা বেগম, নিহতের মেয়ে ইশরাত জাহান ও নিহতের মা বাছিয়া বেগম।
সংবাদ সম্মেলনে শ্রাবণ আহমেদ অভিযোগ করে বলেন, গত ৩ সেপ্টেম্বর জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় আমার পিতা প্রবাস ফেরৎ ইউসুফ ভূঁইয়া নিহত হয়। কিন্তু ঘটনার দুই মাস অতিবাহিত হলেও পুলিশ মামলার প্রধান ও মূল অভিযুক্তদের আটক করছে না। অথচ আসামিরা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে বাদীপক্ষের লোকজনকে হুমকি দিচ্ছে। তিনি অভিযোগ তুলে বলেন, পুলিশ আমাদের কাছে যেসব সহযোগিতা চেয়েছে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু কোন আসামিকে আটক করছে না। মামলার মুল আসামীদের গ্রেফতার করতে তিনিসহ নিহতের মা, স্ত্রী ও মেয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।     
এ বিষয়ে তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন, উক্ত ঘটনায় চারজন আসামী কারাগারে রয়েছে। বাদীর লোকজনদের তথ্যমতে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।  
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে একলারামপুর গ্রামের মারামারির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় ইউসুফ ভূঁইয়া (৫০) আহত হয়। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঐদিন ঘটনার সময় স্থানীয় গ্রামবাসী ৩জন মহিলা ও ১জন পুরুষ আসামীকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরবর্তীতে তাদের মামলায় অন্তর্ভূক্ত করা হয়। ঐদিন রাতে নিহতের ছেলে শ্রাবণ আহমেদ (২৬) বাদী হয়ে ঐ গ্রামের ২০জনের নাম উল্লেখ করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে উক্ত ঘটনায় আর কোন আসামি আটক হয়নি।  

কুমিল্লার তিতাসে প্রবাস ফেরৎ মো. ইউসুফ ভূঁইয়া হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। ছবিঃ প্রিয় বাংলাদেশ