পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এবং ক্রীড়ার মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের উদ্যোগে আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর রংপুর রেঞ্জ ফাইনাল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
সভাপতির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন, "আইজিপি মহোদয়ের নেতৃত্বে পুলিশি কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই একটি কার্যকর মাধ্যম হলো কমিউনিটি পুলিশিং। খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও নিবিড় সম্পৃক্ততা গড়ে তোলা সম্ভব।" এ সময় তিনি প্রতিভাবান খেলোয়াড়দের সাফল্য কামনার পাশাপাশি আশা প্রকাশ করেন, রংপুর রেঞ্জ থেকে বাছাইকৃত নারী ও পুরুষ দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে রংপুরের গৌরব বৃদ্ধি করবে।
আয়োজকেরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করা, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং ক্রীড়াক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করতেই এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় রংপুর রেঞ্জের আওতাধীন আটটি জেলা—রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাটের বালক ও বালিকা বিভাগে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। প্রথম রাউন্ড ও সেমিফাইনাল পর্ব শেষে বিজয়ী দলগুলোর অংশগ্রহণে (আজ) বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশীদ। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরআরএফ রংপুরের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আবদুর রাজ্জাক, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস) বি. এম. আশরাফ উল্যাহ্ তাহের, আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট (এসপি) মোহা. হাফিজুর রহমান, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন ও মো. শরিফুল আলমসহ রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রংপুর রেঞ্জ হেডকোয়ার্টার্স ও রংপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে।




