চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দৈনিক প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার গালিমখাঁ এলাকায় তার বহনকারী প্রাইভেটকার লক্ষ্য করে ইট নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে কাচের আঘাত পান তিনি।
প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে চাঁদপুরের বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন আলম পলাশ। শ্রী রায়েরচর ব্রিজের কাছাকাছি পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা বড় বড় ইট ছুড়ে গাড়ির সামনের অংশে আঘাত করে।
আলম পলাশ জানান, হামলার সময় তিনি চালকের পাশের আসনে ছিলেন। গাড়িতে দুই নারী ও একজন প্রবাসী যাত্রীও ছিলেন। চালক গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সবাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। তবে আকস্মিক এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি গাড়ির ক্ষতিগ্রস্ত অবস্থার চিত্র তুলে ধরে ঘটনার বিবরণ দেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।