জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-১-এর একটি দল ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া খালেরপাড়ে অভিযান চালায়। স্থানীয় অনুশেখের মনোহারি দোকানের সামনে থেকে আব্দুর রশিদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুর রশিদ ইসলামপুর উপজেলার পলবান্ধা উজানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় ইসলামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশ কাজ করছে। মাদক তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক ব্যবসা ও চোরাচালানে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।