ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির টহলদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরে তেলিখালী বিওপির জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে চোরাচালানের পণ্য জব্দ করে টহলদলটি ফেরার সময় সংঘবদ্ধ একটি দল তাদের ওপর হামলা চালায় বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হামলাকারীদের সতর্ক করার পরও তারা আবার আক্রমণ চালায়। এতে এক বিজিবি সদস্য আহত হন। পরে সদস্যরা নিজেদের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষায় আত্মরক্ষামূলক গুলি চালান। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। বাহিনীটি আরও জানিয়েছে, সীমান্তে চোরাচালান ঠেকানো ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত টহল এবং অভিযান অব্যাহত থাকবে।