‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যে পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব রেহানুল ইসলাম বুলালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনার সহযোগিতায় আয়োজিত মহড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় কীভাবে নিরাপদ থাকতে হবে এবং জরুরি পরিস্থিতিতে কী পদক্ষেপ নিতে হবে, তা হাতে-কলমে দেখানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানো জরুরি। ব্যক্তিগত ও পারিবারিক পর্যায় থেকে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে।




