দিনাজপুরের বিরামপুরে রেলপথ পরিদর্শনের মোটর ট্রলি ভেঙে রেলওয়ের এক প্রকৌশলীসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ফুলবাড়ী থেকে বিরামপুরের দিকে যাওয়ার সময় ৩৫১/৬-৭ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত হন পার্বতীপুরে কর্মরত রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) শেখ আল আমিন। তাকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্য চারজন হলেন ট্রলিম্যান আবু তাহের লিটন, মোস্তাফিজুর রহমান, জিকরুল হক ও হাসান আলী। তারা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
রেলওয়ের হ্যামারম্যান মোস্তাফিজুর রহমানের ভাষ্য, রেললাইনের ত্রুটি শনাক্ত করতে নিয়মিত পরিদর্শনে মোটর ট্রলি ব্যবহার করা হয়। মঙ্গলবার ফুলবাড়ী থেকে বিরামপুর যাওয়ার পথে আউটার অতিক্রম করার সময় ট্রলিটি হঠাৎ ভেঙে যায়। এতে সামনের দিকে থাকা প্রকৌশলী শেখ আল আমিন রেললাইনের ওপর পড়ে গুরুতর আহত হন। ট্রলিতে থাকা আরও চারজনও আঘাত পান।
পার্বতীপুর রেলওয়ের পথ বিভাগের অফিস সহকারী সবুজ মিয়া বলেন, শেখ আল আমিনের শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে বিরামপুর থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান জানান, শেখ আল আমিনের হাত, পা ও কপালে বড় ধরনের আঘাত লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রেলওয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মোটর ট্রলির মাধ্যমে রেললাইনের সংযোগ, নাট-বল্টু, রেলের সমতল অবস্থা এবং লাইন বেঁকে যাওয়ার মতো ত্রুটি পরীক্ষা করা হয়। এ কাজে পথ বিভাগের প্রকৌশলীসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন।