চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের উদ্দেশ্যে নেওয়ার পথে ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভোরে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে এ অভিযান চালানো হয়। জোরারগঞ্জ থানা পুলিশ সেখানে অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে ট্রাকটি থামায়। পরে তল্লাশি করে ৩০০ বস্তায় থাকা ১৫ টন ইউরিয়া সার উদ্ধার করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা সারের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। ট্রাকটি নরসিংদীর ঘোড়াশাল থেকে এসেছিল। প্রাথমিকভাবে জানা গেছে, সারগুলো বঙ্গোপসাগর ব্যবহার করে মিয়ানমারে পাঠানোর পরিকল্পনা ছিল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, একটি চক্র সম্প্রতি মিরসরাই উপকূলকে সার পাচারের পথ হিসেবে ব্যবহার করছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে একই এলাকায় অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছিল পুলিশ।




