নিখোঁজ হওয়ার চার দিন পর জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের হারানো ল্যাপটপ উদ্ধার করেছে নাটোর সদর থানা পুলিশ। তবে তার ক্যামেরাটি এখনো উদ্ধার করা যায়নি।
রবিবার রাত পৌনে ৯টার দিকে নাটোর সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শরীফুল হক। তিনি বলেন, নাটোর শহরের কাপুড়িয়া পট্টিতে নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, ঘটনার দিন ৮ তারিখ তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নাটোরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার পথে ট্রেনের আসনের নিচে ব্যাগটি পান। পরে তিনি ব্যাগটি নিয়ে নওগাঁ চলে যান। ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পেয়ে তিনি ছেলে অন্তরের সঙ্গে কথা বলেন। সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর খবর জানতে পেরে অমল সাহা ছেলেকে বিষয়টি জানান। পরে অন্তর পুলিশকে খবর দিলে পুলিশ ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ল্যাপটপ উদ্ধারের বিষয়টি পর্যটক কিরিলকে জানানো হয়েছে। এতে তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার।
ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনে বাংলাদেশে এসেছিলেন জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার। বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার এসে সেখান থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে পৌঁছান তিনি। পরে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এ জন্য নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অপেক্ষাকক্ষে অপেক্ষা করার সময় তার ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে এক যুবক পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানায় অভিযোগ করেন তিনি।




