জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মিনাকুল আরেফিন, নজরুল ইসলাম, এম এ মান্নান, বাদল চাকলাদার, শফিকুল ইসলাম শফি ও শিকদার আবু সাঈদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জি এম কাদেরের বাসভবনে হামলার মাধ্যমে গণতন্ত্রের কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হয়েছে। তাঁরা এ ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।