ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কনফারেন্স ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের স্লোগান—‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজ উদ্দীন আহম্মেদ এবং দেবনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাবুল হোসেন।
সভায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি ফ্যামিলি কার্ড কার্যক্রমে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তেঁতুলিয়া সদর ও ভজনপুর ইউনিয়নের দুই সুপারভাইজার এবং ১৩ জন তথ্যসংগ্রহকারী অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য সংগ্রহ করা হবে। এ সময় তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি এবং যাচাই-বাছাইয়ের গুরুত্ব ও কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, স্বচ্ছ ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছানো সহজ হবে। পাশাপাশি এ উদ্যোগ তেঁতুলিয়ায় স্বাবলম্বী পরিবার গঠনেও ইতিবাচক ভূমিকা রাখবে।