চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে ৫৩ বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মনাকষা বিওপির বিশেষ টহল দল রাতে অভিযান চালিয়ে প্রথমে ভারতীয় মদ জব্দ করে। পরে একই এলাকায় আরেকটি অভিযানে ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪৭ হাজার ৩০০ টাকা। সেগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
ব্যাটালিয়ন সূত্রে আরও জানা যায়, চলতি মাসে বিভিন্ন অভিযানে একজন আসামিসহ ৬৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩৬ বোতল মদ জব্দ করা হয়েছে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, জানান, সীমান্তে মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।