কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছে অবৈধভাবে সামুদ্রিক মাছ আহরণের অভিযোগে একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় বোটটি থেকে আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ, পাঁচটি ট্রলিং জাল এবং প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। আটক করা হয় ২০ জেলেকে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২২ নভেম্বর বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা অভিযান চালায়। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ সামুদ্রিক প্রাণী ও মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।
অবৈধ ট্রলিংয়ের কারণে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য।
কোস্ট গার্ড জানায়, অভিযানের পর কক্সবাজারের প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। বাকি ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উদ্ধার করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সামুদ্রিক পরিবেশ, বিপন্নপ্রায় প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।