ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা ও গোমতী নদীর উপর অবস্থিত পুরাতন সেতুটির ত্রুটি দেখা দেয়ায় সংস্কার কাজ করার লক্ষ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জ।
সওজ সূত্রে জানা যায়, মেঘনা ও গোমতী সেতুর দাউদকান্দির অংশে গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার বেয়ারিং প্যাডের ত্রুটির দেখা দেওয়ায় সেতুটির উপর দিয়ে যানচলাচল বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। রোববার বিকাল ৫টা থেকে যানচলাচল বন্ধ করা হয়।
জানা যায়, ১৯৯৫ সালে গোমতী ও মেঘনা নদীর উপর নির্মিত হয় সেতুটি। দুই লেনের এই সেতুটিতে রয়েছে মোট ১৭টি স্প্যান। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার যানবাহন সেতুটির ওপর দিয়ে চলাচল করে। সেতুর দাউদকান্দির অংশে বেয়ারিং প্যাডের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে। সে কারনে ভারী ট্রাক, বাস ও কাভার্ডভ্যান চলাচলের সময় সেতুতে কম্পন সৃষ্টি হচ্ছে। হঠাৎ ব্রেক কিংবা ওভারটেকের সময় যানবাহনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় জানান, সেতু বন্ধ করার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে, কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে এখন কিছু বলতে পারছিনা। যাচলাচল স্বাভাবিক রয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সেতুর সংস্কার কাজের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নতুন সেতু দিয় যানচলাচলের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জ নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম এর সাথে আজ ৩টা ১২ মিনিটে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন,
সেতুর দাউদকান্দির অংশে বেয়ারিং প্যাডের ত্রুটি দেখা দেওয়ায়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে, ঝুঁকি এড়াতে ২২ নভেম্বর রবিবার বিকাল ৫টা থেকে আমরা সাময়িকভাবে যানচলাচল বন্ধ ঘোষণা করেছি। নতুন সেতু দিয়ে দুই লেনে যান চলাচলের জন্য ব্যবস্থা করা হয়েছে।
কতদিন পর সেতুটি উন্মুক্ত করা হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামিকাল মঙ্গলবার হেড অফিস থেকে একটি ভিজিটর টিম সেতু পরিদর্শন করবেন। তারপর বলা যাবে কতদিন লাগবে সেতুটির কাজ সম্পাদন করতে।
উল্লেখ্য, গেল বছরের ২৯ ডিসেম্বর সেতুটির সংস্কার কাজ করার লক্ষ্যে সাময়িক বন্ধ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ নারায়নগঞ্জ। দীর্ঘ একমাস রক্ষণাবেক্ষণ, সংস্কার ও কারিগরি কাজ সম্পন্ন করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তারপর পূনরায় সেতুটি বন্ধ ঘোষণা করা হয়।




