সিলেটের গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বাড়ির সীমানায় বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর আলম। অন্যদিকে, একই ইউনিয়নে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে সোহান (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এবং রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) এলাকায় ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের সঙ্গে তার চাচাতো ভাই আমির হোসেনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে আমিরের মা আম্বিয়া বেগম আহত হন। মাকে আহত হতে দেখে ক্ষুব্ধ আমির ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীরের বুকের বাম পাশে আঘাত করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করে।
অন্যদিকে, রোববার দিবাগত রাত ১টার দিকে একই গ্রামের নিজ বসতঘরের শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোহানকে দেখতে পান পরিবারের সদস্যরা। তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে এবং স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। রাতের খাবার শেষে নিজের কক্ষে ঘুমাতে যাওয়ার পর এ ঘটনা ঘটে। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় আমির হোসেনকে আটক করা হয়েছে। মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




