নেত্রকোনার দুর্গাপুরে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ভারতীয় নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’-এর ১৪০ বোতল উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার মেনকিফান্দা গ্রামে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ দায়িত্ব পালনের সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে ইমান আলীর বাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে মাদকের চালান রাখা হয়েছে।
পরে ভোর সাড়ে ৪টার দিকে উপপরিদর্শক রসুল সায়েদী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে পুকুরপাড়ে পড়ে থাকা দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগ খুলে আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘ফেয়ারডিল’-এর ১৪০ বোতল উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মাদকের কোনো মালিক পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে এসআই মো. স্বপন মিয়া, এসআই আসাদুজ্জামান, এএসআই আব্দুল কাইয়ুম ফকির এবং কনস্টেবল মো. আলমগীর হোসেন বিপ্লব ও মো. সজীব মিয়া ছিলেন।
পুলিশ জানায়, প্রতিটি বোতলের আনুমানিক বাজারমূল্য ৪ হাজার টাকা ধরে উদ্ধার করা মাদকের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬০ হাজার টাকা। পরে মাদকগুলো জব্দ তালিকার মাধ্যমে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ওসি খন্দকার শাকের আহমেদ।