ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত ও যোগ্য পরিবারকে সুবিধার আওতায় আনতে নির্ভুল তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে নাটোরের বাগাতিপাড়ায় আয়োজিত এক অবহিতকরণ সভায়।
সোমবার (১২ অক্টোবর) বাগাতিপাড়া উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় পর্যায়ের সংবাদ সম্মেলন দেখানো হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম পল্লবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সম্ভাব্য সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের পদ্ধতি, যোগ্যতা নির্ধারণ এবং তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। তথ্যের ভুল বা অসম্পূর্ণতার কারণে যেন প্রকৃত উপকারভোগীরা বাদ না পড়েন, সে জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের সমন্বিত ভূমিকার কথাও তুলে ধরা হয়।
জাতীয় পর্যায়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বক্তব্য দেন। অনুষ্ঠানটি মাল্টিমিডিয়ার মাধ্যমে বাগাতিপাড়ায় সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম।