নিজের জমি ছয় মেয়ের নামে লিখে দেওয়ার পর বসতবাড়িতে প্রবেশের সুযোগ হারিয়েছেন শরীয়তপুরের এক অসুস্থ বৃদ্ধ। ঘরের দরজায় তালা, চলাচলের পথে গাছের গুঁড়ি এবং রান্নার চুলা ভাঙা অবস্থায় পাওয়ার অভিযোগ উঠেছে তার ভাই ও স্বজনদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে জেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি এলাকায়। ভুক্তভোগী আব্দুর ছাত্তার খান স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সুস্থতার জন্য এক মেয়ের বাড়িতে থাকার পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজ বাড়িতে ফিরে এমন পরিস্থিতির মুখোমুখি হন তিনি।
পরিবারের সদস্যদের ভাষ্য, ছয় মেয়ের বাবা আব্দুর ছাত্তারের কোনো ছেলে সন্তান নেই। সম্প্রতি নিজের মালিকানাধীন জমি মেয়েদের নামে রেজিস্ট্রি করে দেওয়ার পর আত্মীয়দের সঙ্গে বিরোধ তৈরি হয়। তাদের অভিযোগ, এই বিরোধের জের ধরেই তার ভাই মোস্তফা খান, ভাতিজা ইমরান খান ও ভাগনে এনামুল শিকদার বসতঘরে তালা লাগিয়ে দেন।
এ ছাড়া রান্নার চুলা ভাঙচুর এবং বাড়ির গাছ কেটে ঘরের সামনে ফেলে রাখার অভিযোগও করেছেন তারা। এতে চলাচলের পথ বন্ধ হয়ে যায়। শারীরিকভাবে দুর্বল আব্দুর ছাত্তার ঘরে প্রবেশ করতে না পেরে উঠানেই বিছানা পেতে অবস্থান করছেন।
বৃদ্ধের এমন দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত ঘরের প্রবেশপথ খুলে দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে মোস্তফা খান বলেন, দীর্ঘদিন বাড়িতে কেউ না থাকায় চুরির আশঙ্কা থেকে নিরাপত্তার প্রয়োজনে ঘরে তালা দেওয়া হয়েছিল।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসাইন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




