বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার সকাল ৯টার পর কঠোর নিরাপত্তার মধ্যে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আদালতে হাজির করা হয়।
ট্রাইব্যুনালে হাজিরের পর রাষ্ট্রপক্ষ থেকে ইলিয়াস আলী গুমের মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করার কথা রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইলিয়াস আলী নিখোঁজের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে সাইফুর রহমানের প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে পুরো ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।

এর আগে গুমের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের দেহরক্ষী ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তার বক্তব্যে ইলিয়াস আলী নিখোঁজের আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে সাইফুর রহমানের উপস্থিতির কথা উঠে আসে।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধান এখনো মেলেনি।
ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় চলমান তদন্ত ও ট্রাইব্যুনালের কার্যক্রমের মধ্য দিয়ে ঘটনার দীর্ঘদিনের রহস্য নতুন করে আলোচনায় এসেছে।