বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়ন ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) প্রস্তুতির অংশ হিসেবে জনমত যাচাই ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন ‘পূর্ব দক্ষিণ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ সুগমকরণ—বাংলাদেশ ফেজ-১’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্পটির পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন, পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান এবং শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। এ ছাড়া বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় অংশীজনরা সভায় অংশ নেন।
সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সম্ভাব্য সুফল ও পরিবেশ সুরক্ষার পরিকল্পনা তুলে ধরা হয়। উপস্থাপনায় জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে সীমান্ত পারাপারে সময় ও আমদানি-রপ্তানি ব্যয় কমবে। আধুনিক ট্রাক টার্মিনাল ও পরিকল্পিত পার্কিং সুবিধা চালু হলে বন্দরের দীর্ঘদিনের যানজট কমানোর পাশাপাশি নিরাপদ পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ বাড়বে এবং নির্মাণ ও পরিচালন পর্যায়ে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রকল্পের পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা পরিকল্পনায় ধূলিকণা, শব্দ, পানি ও মাটির মান নিয়মিত পর্যবেক্ষণ এবং শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয় তুলে ধরা হয়। পরিবেশগত ও সামাজিক সুরক্ষাবিধি মেনে কাজ পরিচালনায় ঠিকাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য পৃথক বাজেট বরাদ্দের কথাও জানানো হয়। মতবিনিময় পর্বে বক্তারা পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন বন্দর গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাণিজ্যের গতি বাড়াতে প্রকল্পটি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।




