ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও পুরুষসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, বাঘাডাঙ্গা বিওপিতে কর্মরত হাবিলদার শিশীর কুমার হালদারের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/৪১-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের ফজু মিয়ার বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে আর্জেনা খাতুন (৩১) ও জাহিদুল ইসলাম ফাহাদ মজুমদার (১৯) নামে দুজনকে আটক করা হয়।
আটক আর্জেনা খাতুন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নারান্দাবাদ গ্রামের আজাহার আলীর মেয়ে। অপরদিকে জাহিদুল ইসলাম ফাহাদ মজুমদার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গান্দাছি গ্রামের ইয়ার আহম্মেদ মজুমদারের ছেলে।
এ ঘটনায় আটক দুজনকে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।




