পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মাণাধীন কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) বাস্তবায়ন করা হচ্ছে রূপপুরে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (রাসু) সরবরাহ করা এ ব্যবস্থায় ৪৩টি সিস্টেমের আওতায় প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এগুলোর মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ প্রক্রিয়াসংশ্লিষ্ট সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এতে বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনায় সহায়তা মিলবে বলে জানিয়েছে সংস্থাটি।
এ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ওআইএসএস তৈরি করা হয়েছে বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে। প্রথম ইউনিটে সিস্টেমটি ইতোমধ্যে সংযুক্ত হয়েছে এবং স্টার্টআপ কার্যক্রমে অংশ নিচ্ছে। দ্বিতীয় ইউনিটেও একই ব্যবস্থা স্থাপন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এআইসিএস ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেমের তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে ৮০টির বেশি নির্দেশিকার ভিত্তিতে অপারেটরদের পরামর্শ দেয়। জটিল পরিচালনাগত তথ্য সহজভাবে উপস্থাপনের মাধ্যমে এটি দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর প্রকল্প রাশিয়া ও বাংলাদেশের সহযোগিতার অন্যতম বড় উদ্যোগ। আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, বিদেশে রোসাটমের নির্মিত কোনো বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম ওআইএসএস বাস্তবায়ন করা হচ্ছে। জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।