সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ঢাকা থেকে পরিচালিত ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভ্রমণ অনিশ্চয়তায় পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১১২টি এবং বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে যাওয়ার ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট।
এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকেই তাদের পরিবহন করা সম্ভব হয়নি।
সম্প্রতি হুথিদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই পরিস্থিতিতে হামলার ঘটনা ঘটে দাম্মামেও। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখে। পরবর্তী সময়ে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়।



