বিমানবন্দরে নেমে লাগেজের জন্য দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে। আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থা চালুর পরিকল্পনায় রয়েছে রিয়েল-টাইম স্ক্যানিং, ডিজিটাল ট্র্যাকিং ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা। এতে যাত্রীদের ব্যাগেজ দ্রুত সরবরাহের পাশাপাশি হারিয়ে যাওয়া কিংবা ভুল জায়গায় চলে যাওয়ার ঝুঁকিও কমবে বলে আশা করা হচ্ছে।
১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতির মধ্যেই গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় নতুন মাত্রা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেবার দ্বিতীয় অপারেটর নিয়োগের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের চেলেবি এভিয়েশন এবং সংযুক্ত আরব আমিরাতের ডানাটা। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় মেনজিস ও সুইসপোর্ট এগিয়ে রয়েছে।
আধুনিক লাগেজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। মেনজিস এভিয়েশন জানিয়েছে, তাদের প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি লাগেজের অবস্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে। স্ক্যানিংয়ের মাধ্যমে চেক-ইন থেকে শুরু করে উড়োজাহাজে তোলা এবং যাত্রীর হাতে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তি কার্যকর হলে বড় উড়োজাহাজ অবতরণের পর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজ এবং সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে শেষ লাগেজ যাত্রীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব। পাশাপাশি ব্যাগেজ রিকনসিলিয়েশন সিস্টেমের মাধ্যমে বিমানে ওঠানো লাগেজের সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীর তথ্য যাচাই করা যাবে। এতে ভুল বিমানে ব্যাগ ওঠানো কিংবা কোনো যাত্রীর লাগেজ বাদ পড়ে যাওয়ার আশঙ্কা কমবে।
মেনজিস এভিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন্স জন হেন্ডারসন জানিয়েছেন, বাংলাদেশে দায়িত্ব পেলে তারা অত্যাধুনিক ব্যাগেজ রিকনসিলিয়েশন প্রযুক্তি ব্যবহার করবেন। এতে লাগেজ ব্যবস্থাপনায় নিরাপত্তা ও নির্ভুলতা বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিটির কার্যকারিতা বোঝাতে ইতালির মিলান মালপেনসা বিমানবন্দরের উদাহরণ দিয়েছে মেনজিস। তাদের তথ্য অনুযায়ী, সেখানে ডিজিটাল স্ক্যানিং চালুর পর উড়োজাহাজে না ওঠা কিংবা বাদ পড়ে যাওয়া লাগেজের সংখ্যা ৭০ শতাংশ কমেছে। বর্তমানে বিশ্বের ৬৫টি দেশের প্রায় ৩৫০টি বিমানবন্দরে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।
অন্যদিকে প্রতিযোগিতায় থাকা তুরস্কের চেলেবি এভিয়েশনও আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার প্রত্যয় জানিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, লাগেজ সরবরাহের সময় কমানোর ক্ষেত্রে শুধু অপারেটরের দক্ষতাই যথেষ্ট নয়। বিমানবন্দরের অবকাঠামো, নিরাপত্তা প্রক্রিয়া এবং উড়োজাহাজের সময়সূচির ওপরও বিষয়টি নির্ভর করে। তবে নিজেদের নিয়ন্ত্রণাধীন কার্যক্রমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
নতুন অপারেটর যুক্ত হলে দীর্ঘদিন ধরে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান কাজ করার সুযোগ পাবে। এতে সেবার মান বাড়াতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এম মফিদুর রহমান বলেন, থার্ড টার্মিনালের আধুনিক অবকাঠামোর সঙ্গে পরিচালন ব্যবস্থাকেও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। লাগেজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, দক্ষ কর্মী নিয়োগ এবং সেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। একাধিক অপারেটর থাকলে প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে। তবে যে প্রতিষ্ঠানই দায়িত্ব পাক, যাত্রীদের দ্রুত ও নিরাপদে লাগেজ পৌঁছে দেওয়াই হতে হবে প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর থার্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর এর আংশিক উদ্বোধন করা হয়েছিল। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে নকশা ও কাজের পরিধি পরিবর্তনের কারণে কয়েক দফায় ব্যয় বেড়েছে। সর্বশেষ সংশোধনীতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকা।
আধুনিক টার্মিনালের পাশাপাশি প্রযুক্তিনির্ভর গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থা চালু হলে দেশের বিমানবন্দরে যাত্রীসেবার দীর্ঘদিনের একটি বড় সমস্যা কাটবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে নতুন ব্যবস্থার প্রকৃত সাফল্য নির্ভর করবে নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ সরবরাহ এবং নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর।



