হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনাল চালু করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় টার্মিনাল চালুর আগে ইমিগ্রেশন বুথ প্রস্তুত, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসব কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনাও পর্যালোচনা করা হয়।
মন্ত্রী বলেন, দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ হলে প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ পরিচালনার প্রস্তুতি নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।