গুয়াতেমালায় এক সংসদ সদস্যকে হত্যার উদ্দেশ্যে চালানো সশস্ত্র হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে হামলার লক্ষ্যবস্তু আইনপ্রণেতা হুলিও পোর্তিয়ো প্রাণে বেঁচে গেছেন।
শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় জাকাপা বিভাগের রিও হন্ডো শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তা বায়রন ভাসকেস জানান, ওই এলাকায় অবস্থানকালে পোর্তিয়োকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অঞ্চলটি মাদক পাচারের জন্য পরিচিত।
গুয়াতেমালার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে জাতীয় বেসামরিক পুলিশের তিন সদস্য প্রাণ হারান। আইনপ্রণেতাকে লক্ষ্য করে চালানো এই হামলাকে সরাসরি আক্রমণ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
জাকাপা অঞ্চলে লোরেনজানা নামের একটি মাদক পাচারকারী চক্রের প্রভাব রয়েছে। এই চক্রের সঙ্গে মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া মাদক গোষ্ঠীর যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।
হুলিও পোর্তিয়ো ২০২৩ সালে বিরোধী দল কাবালের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি সাবেক ফার্স্ট লেডি সান্দ্রা তোরেসের নেতৃত্বাধীন ন্যাশনাল ইউনিটি অব হোপ দলে যোগ দেন। আগামী বছর গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে সান্দ্রা তোরেসের প্রার্থী হওয়ার কথা রয়েছে।