ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানায়। তবে ঘটনার পর এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তাসনিমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপটিতে পৃথক দুই দফায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটেছে। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে অবস্থিত দ্বীপটির সুজা এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আকাশে উড়োজাহাজের শব্দ শোনার পর দুটি বস্তু মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। তবে এগুলোর পরিচয় কিংবা বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। দেশটির প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ভূপাতিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগের দিন শুক্রবার একই দ্বীপের আকাশে আরেকটি মার্কিন ড্রোন ধ্বংসের খবর দিয়েছিল ইরানি গণমাধ্যম। আইআরজিসির বরাত দিয়ে তখন জানানো হয়, সেটি ছিল এমকিউ-১ মডেলের ড্রোন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি বলে প্রচারিত খবরকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়।
শনিবারের এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার আলোচনা এখনো চলছে। সংঘাতের অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে দুই দেশের সঙ্গে যোগাযোগ রেখে মধ্যস্থতার উদ্যোগ চালিয়ে যাচ্ছে দোহা।
সূত্র: রয়টার্স