নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। একই দিনে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার মহড়াও করেছে দেশটি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বুধবার নতুন প্রতিরক্ষা ব্যবস্থাটির বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষায় লক্ষ্য শনাক্তকরণ, অনুসরণ এবং একাধিক নির্দেশনা পদ্ধতির কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা পরীক্ষা করা হয়েছে।
এর আগে বুধবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়ার সোন্দোক এলাকা থেকে জাপান সাগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করা হয়েছে।
এদিকে পূর্ব উত্তর কোরিয়ার একটি দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিট কাল্পনিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার মহড়া চালায়। কেসিএনএর দাবি, নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে ইউনিটটি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্লাস্টার বোমা, আক্রমণকারী ড্রোন, টর্পেডো ও মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়েও পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির সম্পর্কের টানাপোড়েন অব্যাহত রয়েছে। কিম জং উনের বোন চলতি সপ্তাহে জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে উত্তর কোরিয়ার বিশেষ আগ্রহ নেই।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভাষ্য, অস্ত্রের প্রযুক্তিগত মান যাচাই এবং যুদ্ধক্ষেত্রে কৌশলগত ক্ষেপণাস্ত্রের নির্ভরযোগ্যতা বাড়ানোই সাম্প্রতিক পরীক্ষাগুলোর উদ্দেশ্য। উল্লেখ্য, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিপরীতে উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।