দিল্লি পুলিশের কাছ থেকে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতামূলক পোস্ট দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রায় ২৪ ঘণ্টা ফোন ও ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা বোঝাতে বলিউড অভিনেতা শাহরুখ খানের একটি ছবি ব্যবহার করেন তিনি। এক্সে (সাবেক টুইটার) ‘বীর-জারা’ সিনেমায় বৃদ্ধ শাহরুখ খানের চরিত্রের ছবি পোস্ট করে অভিজিৎ লেখেন, ফোন ও ওয়াই-ফাই ছাড়া ২৪ ঘণ্টা জেলে কাটিয়ে বের হলে অনুভূতিটা এমনই হয়।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লির ব্যস্ত এলাকা কনট প্লেসে জাতীয় পতাকা নিয়ে ‘তেরঙ্গা যাত্রা’ আয়োজন করেছিলেন অভিজিৎ। সেখানে ১৬৩ ধারা জারি থাকার কারণে পুলিশ তাঁকে আটক করে। পুলিশের বক্তব্য ছিল, ব্যস্ত এলাকায় হঠাৎ বড় জমায়েত হলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি যানজট ও উৎসবের সময়ে ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও ছিল।
আটকের সময় পুলিশের সঙ্গে অভিজিতের কথা কাটাকাটি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর দাবি ছিল, তাঁরা কোনো আন্দোলন করতে যাননি; শুধু জাতীয় পতাকা উত্তোলন করতে চেয়েছিলেন। অন্যদিকে পুলিশ জননিরাপত্তা ও সাধারণ মানুষের চলাচলের বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা জানায়। পরে শান্তি বজায় রাখার শর্তে একটি মুচলেকা বা পিস বন্ডে স্বাক্ষর করার পর শনিবার তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর নিজের পরিচিত রসিকতার ভঙ্গিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান তিনি।




