নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো আরও সংবাদমাধ্যমকে ভবিষ্যতে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার পর সোমবার এসব সংবাদমাধ্যমের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করা হয়। প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, তাদের সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

সংবাদমাধ্যম তিনটি বলেছে, কোনো ধরনের নোটিশ বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই তাদের সাংবাদিকদের প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তাদের দাবি, কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন পছন্দ না হওয়াকে প্রবেশাধিকার বন্ধের কারণ হিসেবে ব্যবহার করা যায় না।মামলায় দ্রুত শুনানির মাধ্যমে নিষেধাজ্ঞা স্থগিত এবং সাংবাদিকদের আগের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে।

অন্যদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেছেন, তার প্রশাসন মুক্ত সংবাদমাধ্যমের বিরুদ্ধে নয়, বরং তিনি যেসব সংবাদমাধ্যমকে ‘ফেক নিউজ’ হিসেবে আখ্যা দেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। জাতীয় নিরাপত্তার জন্য এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন হুমকি বলেও অভিযোগ করেছেন তিনি।

এর আগে ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ বন্ধ করে দেয়। ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠনও উদ্বেগ প্রকাশ করেছে।